আগুন দেওয়ার অভিযোগ আওয়ামী লীগ নেতার ছেলেকে আটক করে খুঁটির সঙ্গে বেঁধে মারধর
নাটোর সদর উপজেলার চৌগাছি মধ্যপাড়া গ্রামে খড় ও পাটকাঠির পালায় ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের হাতে আটক হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতার ছেলে নাজমুল হোসেন। রোববার (১৬ নভেম্বর) ভোরে তাকে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
আটক নাজমুল হোসেন স্থানীয় ইটভাটা ব্যবসায়ী এবং ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেকের ছেলে।
গত ১৩ নভেম্বর রাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনলাইনে প্রচারিত ‘লকডাউন’ কর্মসূচির পর থেকে শনিবার পর্যন্ত গ্রামের বিভিন্ন স্থানে অন্তত সাতটি খড় ও পাটকাঠির পালায় আগুন লাগার ঘটনা ঘটে। রাতের অন্ধকারে কে বা কারা আগুন ধরাচ্ছে, তা নির্ণয় করতে না পেরে গ্রামবাসী পাহারার ব্যবস্থা করেন।
ভোরে মোটরসাইকেলে ঘোরাফেরার সময় পাহারায় থাকা লোকজন নাজমুলকে সন্দেহ করে আটক করেন। তাদের দাবি, তিনি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পরে তাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
তবে উপস্থিত সাংবাদিকদের কাছে নাজমুল দাবি করেন, তিনি নির্দোষ। “আমি কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম। ইটভাটা ব্যবসা করি, আগুন ধরিয়ে আমার কী লাভ?” — বলেন তিনি।
খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, স্থানীয়দের মৌখিক অভিযোগে নাজমুলকে থানায় আনা হয়। পরে যাচাই-বাছাই করে তার নামে আগের চারটি মামলার অস্তিত্ব পাওয়া যায়। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


