শেখ হাসিনার ফাঁসির রায়ে জাতিসংঘের প্রতিক্রিয়া
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় উদ্বেগ প্রকাশ করেছে। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
হাইকমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি বলেন, গত বছরের বিক্ষোভ দমনের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় একটি “গুরুত্বপূর্ণ মুহূর্ত”। এটি দায়মুক্তির সংস্কৃতি ভাঙতে গুরুত্বপূর্ণ হলেও জাতিসংঘ মৃত্যুদণ্ডকে কখনও সমর্থন করে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের অনুসন্ধান প্রতিবেদনের পর থেকে তারা বারবার আহ্বান জানিয়ে আসছেন—নেতৃত্বস্থানীয় ব্যক্তিসহ সব অপরাধীকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচারের আওতায় আনা, ভুক্তভোগীদের যথাযথ প্রতিকার নিশ্চিত করা এবং ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা জরুরি।
সামদাসানি আরও জানান, জাতিসংঘ এই বিচারপ্রক্রিয়ায় সরাসরি যুক্ত না থাকলেও সবসময় দাবি করেছে যে আন্তর্জাতিক অপরাধের মামলাগুলো যেন ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হয়।
এদিকে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ “সত্য উদঘাটন, ক্ষতিপূরণ এবং ন্যায়বিচারের মাধ্যমে জাতীয় পুনর্মিলনের পথে” অগ্রসর হবে। পাশাপাশি তিনি নিরাপত্তা খাতে রূপান্তরমূলক সংস্কারের গুরুত্ব তুলে ধরেন, যাতে ভবিষ্যতে নাগরিক অধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার বন্ধ করা যায়।
বিবৃতির শেষদিকে জাতিসংঘের পক্ষ থেকে সকল পক্ষকে শান্ত থাকা, সংযম বজায় রাখা এবং সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়।


