‘ইমরান খান জীবিত আছেন, দেশ ছাড়তে চাপ দিচ্ছে সরকার’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজবকে সম্পূর্ণ ভ্রান্ত হিসেবে উড়িয়ে দিয়েছে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলের সিনেটর খুররম জিশান শনিবার জানিয়েছেন, ইমরান খান জীবিত আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারে আটক।
জিশান বলেন, “সরকার তাকে পাকিস্তান ছেড়ে যেতে বাধ্য করার জন্য নির্জন কক্ষে রাখা হয়েছে। এটি পুরোপুরি মানবাধিকার লঙ্ঘন।” তিনি আরও উল্লেখ করেন, ইমরান খানের জনপ্রিয়তা বর্তমান ক্ষমতাসীনদের জন্য উদ্বেগের কারণ। এ কারণেই কারাগারে তার ছবি বা ভিডিও প্রকাশ করা হচ্ছে না।
সাম্প্রতিক সময়ে আফগান সোশ্যাল মিডিয়ার কিছু পেইজে দাবী উঠেছিল, ইমরান খানকে রাওয়ালপিন্ডির কারাগারে হত্যা করা হয়েছে। তবে জিশান নিশ্চিত করেছেন, “গত কয়েক দিনে আমরা নিশ্চিত হয়েছি, তিনি সুস্থ এবং আদিয়ালা কারাগারে রয়েছেন।”
পিটিআই সিনেটরের মতে, পাকিস্তান সরকার তাকে নীরব থাকার শর্তে বিদেশে যেতে প্রস্তাব দিয়েছে, কিন্তু ইমরান খান এটি মানতে রাজি নন। তিনি বলেন, “তিনি যে ধরনের নেতা, তিনি কখনোই এটি মেনে নেবেন না।”
জিশান আরও উল্লেখ করেন, কারাবাসে থাকার পরও ইমরান খানের প্রভাব কমেনি। তরুণদের মধ্যে তার ভাবধারা প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, “পিটিআই-এর ভবিষ্যৎ উজ্জ্বল, এবং যারা সত্যিই দলের মূল্যবোধে বিশ্বাস করে তারা সামনে আসছে।”


