দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে: ছারছীনা পীর

দেশজুড়ে
দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে: ছারছীনা পীর
নিউজ ডেস্ক
১ ডিসেম্বর ২০২৫

ছারছীনা দরবার শরীফে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। মাহফিলে দেশের শান্তি, জাতীয় স্বার্থ এবং মুসলিম সম্প্রদায়ের কল্যাণ কামনায় বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন ছারছীনার পীর কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.)।

পীর ছাহেব দেশের বর্তমান পরিস্থিতি ‘টালমাটাল’ উল্লেখ করে বলেন, “স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের মুসলিম জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে। সামান্য ভুলও জাতিকে দীর্ঘদিনের ক্ষতির মুখে ফেলতে পারে।” তিনি ইসলামি হুকুমতের প্রতি সমর্থন জানিয়ে, ইসলামের নামে ভিন্নমতের প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

আখেরি মোনাজাতে লাখো ভক্ত ও মুরিদ অংশগ্রহণ করেন। বাদ জোহর মিলাদ শরীফ পাঠের পর পীর ছাহেব দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মাহফিলে পীর ছাহেব ভক্ত-মুরিদদের জিকির, দরুদ, অজিফা ও নৈতিক অনুশীলনে নিয়মিত অংশগ্রহণের পরামর্শ দেন। এছাড়াও তিনি প্রত্যেক মসজিদে সাপ্তাহিক তালিমী জলসা কায়েম ও দ্বীনিয়ার মাদ্রাসা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন ঢাকা থেকে হেলিকপ্টারযোগে আসা আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওহাব আস সাইদানী। তিনি বাংলাদেশের সঙ্গে আলজেরিয়ার সম্পর্ক ইসলামভিত্তিক উল্লেখ করে ছারছীনা পীরকে ধন্যবাদ জানান এবং ছাত্রদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন।

মাহফিলে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন স্থানের প্রখ্যাত আলেম ওলামা এবং বিভিন্ন স্তরের জাতীয় নেতৃবৃন্দ।