ক্ষমতায় এলে সবার মর্যাদা নিশ্চিতের প্রতিশ্রুতি জামায়াত আমিরের
রাজনৈতিক সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলে সমাজের সব শ্রেণির মানুষের মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “ন্যায়-ইনসাফের ভিত্তিতে সমান সুযোগ ও সম্মান নিশ্চিত করা হবে। দুর্নীতি রোধ করতে পারলে সমাজের প্রতিটি মানুষই উপকৃত হবে।”
সভায় তিনি চিকিৎসা খাতের নানাবিধ অনিয়মের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষায়, কিছু চিকিৎসক কমিশনের লোভে অতিরিক্ত টেস্ট বা অপ্রয়োজনীয় ওষুধ লিখে দেন—যা মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করে।
তিনি বলেন, “নৈতিকতা ও জবাবদিহি থাকলে এসব অনিয়ম করার সাহস কেউ পায় না।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের প্রকৃত শান্তি নেই। রাষ্ট্রে ন্যায়ভিত্তিক কাঠামো তৈরি হলে সবার জন্যই শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, কুরআন ও ইসলামী ন্যায়ের আলোকে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারলে সমাজের প্রতিটি অংশীজন সমানভাবে উপকৃত হবেন।


