খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমীর

রাজনীতি
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমীর
নিউজ ডেস্ক
২ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে তিনি হাসপাতালে পৌঁছে খালেদা জিয়ার চিকিৎসা-অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

হাসপাতাল থেকে বেরিয়ে ডা. শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, “খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। আমি তাকে কাছ থেকে দেখেছি। বর্তমানে তার ডায়ালায়সিস চলছে এবং তিনি অত্যন্ত জটিল পরিস্থিতিতে রয়েছেন। তবু তিনি লড়াই করে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, “আমরা আশা করছি, সুস্থ হয়ে তিনি আবার জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবেন। তাকে দেখে আসতে পারাকে আমি সৌভাগ্য মনে করি।”

এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যান সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তিন বাহিনীর প্রধানরা এভারকেয়ার হাসপাতালে গিয়ে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত রোববার রাতে অসুস্থতা বাড়ায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক দল তার চিকিৎসা পরিচালনা করছে। তাদের মতে, তার অবস্থা আপাতত স্থিতিশীল হলেও সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। তিনি এখন হাসপাতালের সিসিইউতে আছেন।

এদিকে লন্ডনে অবস্থান করে বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসাসংক্রান্ত আপডেট নিচ্ছেন। হাসপাতালে নিয়মিত সময় কাটাচ্ছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে।