এভারকেয়ার হাসপাতালের খোলা মাঠে ওঠানামা করবে হেলিকপ্টার
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আশেপাশের দুটি খোলা মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ এবং উড্ডয়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর প্রটোকলের আওতায় এই কার্যক্রম আগামী ৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে পরিচালিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর বরাত দিয়ে জানানো হয়েছে, পরীক্ষা কার্যক্রম চলাকালীন সময়ে জনগণকে অযথা আতঙ্ক বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। হেলিকপ্টারের এই পরীক্ষামূলক ওঠানামার উদ্দেশ্য নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা যাচাই এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের সক্ষমতা নিশ্চিত করা।
এসএসএফ আশা করছে, কার্যক্রমটি পরিকল্পনা অনুযায়ী সফলভাবে সম্পন্ন হবে এবং এটি দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।


