চিড়িয়াখানায় সিংহের খাঁচায় প্রবেশ, ১৯ বছর বয়সী কিশোরের মৃত্যু
ব্রাজিলের জোও পেসোয়া শহরের একটি চিড়িয়াখানায় ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। রবিবার সিংহের খাঁচায় প্রবেশ করেন ১৯ বছর বয়সী গেরসন দে মেলো মাচাডো। খাঁচার মধ্যে ঢুকার পর সিংহিনী লিওনার আক্রমণে মাচাডো মারাত্মকভাবে আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।
স্থানীয় পুলিশ ও চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মাচাডো ছয় মিটার উঁচু দেয়াল ও সুরক্ষা বেড়া পার হয়ে একটি গাছের ডালের মাধ্যমে সরাসরি খাঁচায় প্রবেশ করেছিলেন। খাঁচায় ঢুকেই প্রাণীটির সঙ্গে মুখোমুখি হওয়ার পর কিছুক্ষণের মধ্যে তিনি আঘাতপ্রাপ্ত হন। হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন, ঘাড়ের রক্তনালীর ছিঁড়ে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে।
মাচাডোর পরিবার সূত্রে জানা গেছে, তিনি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন এবং সিংহের ট্রেইনার হওয়ার স্বপ্ন দেখতেন। তার পরিচর্যায় থাকা পরামর্শদাতা জানিয়েছেন, পরিবারে পূর্বেও মানসিক রোগের ইতিহাস থাকলেও যথাযথ সহায়তা পায়নি মাচাডো। এর আগে তিনি বেপরোয়া আচরণের জন্য পরিচিত ছিলেন—একবার বিমানবন্দরের অভ্যন্তরে বেড়ার মাধ্যমে প্রবেশের মতো ঘটনা ঘটিয়েছিলেন।
চিড়িয়াখানার ভেটেরিনারি কর্মকর্তা ঘটনাটিকে “সম্পূর্ণ অপ্রত্যাশিত” বলে মন্তব্য করেছেন। নিরাপত্তা ঝুঁকির কারণে চিড়িয়াখানাটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।


