শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল ৭টি বসতঘর
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের পূর্বপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (৭ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, আবলি মিয়ার বাড়ির বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি বাড়িতে। গ্রামবাসী পানি ও বালতি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে সাতটি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, জামাকাপড়, গুরুত্বপূর্ণ দলিলপত্র ও নগদ অর্থ সম্পূর্ণ পুড়ে যায়।
বীরগাঁও গ্রামের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ বলেন, “অগ্নিকাণ্ডে সাতটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ লাখ টাকা হতে পারে।”
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার প্রস্তুতির কথা জানানো হয়েছে।


