প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব

দেশজুড়ে
প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব
নিউজ ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫

পাবনায় নির্বাচনী প্রচার চলাকালে পৃথক দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী—পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের হাবিবুর রহমান হাবিব এবং পাবনা-৫ (সদর) আসনের অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে দুজনই পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার আটঘরিয়া উপজেলার ঘাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাবিবুর রহমান হাবিবের ভাই বিপুল হোসেন বুদুর তথ্য অনুযায়ী, দুজন প্রার্থী আটঘরিয়ার একদন্ত ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিতে যাচ্ছিলেন। পথেই তাদের প্রাইভেটকারকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে গাড়িটি মুহূর্তেই দুমড়েমুচড়ে যায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক এবং শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী এনামুলও গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বিপুল হোসেন বুদু বলেন, “আল্লাহর রহমতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন শিমুল বিশ্বাস এবং হাবিবুর রহমান হাবিব। তাঁদের দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করছি।”

দুর্ঘটনার খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন।