লক্ষ্মীপুরে গভীর রাতে বৃদ্ধ নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকায় গভীর রাতে নিজ বাসায় ঢুকে এক বৃদ্ধ নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহত নারী ছকিনা বেগম (৬০)।
নিহত ছকিনা বেগম দক্ষিণ মজুপুর এলাকার মৃত সফি উল্যার স্ত্রী। দুই বছর আগে তার স্বামী মারা যান। ঘটনার পর পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের স্বজনরা জানান, ছকিনা বেগমের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। দুই ছেলে প্রবাসে থাকেন। তিনি বড় পুত্রবধূ রুবি আক্তারকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। ঘটনার রাতে তারা আলাদা কক্ষে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা বাসার ভেতরে প্রবেশ করে ছকিনার কক্ষে ঢুকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ভাগিনা মো. রাজু জানান, হামলার সময় শব্দ পেয়ে পুত্রবধূ রুবি আক্তার চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পাশের একটি গাছ বেয়ে তারা বাড়িতে প্রবেশ করে।
পরিবারের সদস্যরা জানান, হত্যাকাণ্ডের পরও নিহতের গলা ও কানে থাকা স্বর্ণালংকার অক্ষত ছিল। এতে ডাকাতির চেয়ে পূর্ব শত্রুতার জেরে হত্যার আশঙ্কা করা হচ্ছে।
এদিকে পারিবারিক সূত্র জানায়, নিহতের ছোট ছেলে ইমরান হোসেনের স্ত্রী পূর্ণিমা আক্তারের সঙ্গে শাশুড়ির পারিবারিক বিরোধ ছিল। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা চলমান রয়েছে। বিষয়টিকেও হত্যার পেছনে একটি সম্ভাব্য কারণ হিসেবে তদন্ত করছে পুলিশ।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই পুত্রবধূকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


