লিংকডইনে ‘ফুলটাইম গার্লফ্রেন্ড’ নিয়োগ বিজ্ঞাপন, নেটদুনিয়ায় হাসির ঝড়
একজন ‘পূর্ণকালীন’ বা ফুলটাইম গার্লফ্রেন্ড নিয়োগ দিতে লিংকডইনে চাকরির বিজ্ঞাপন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন দীনেশ নামে এক ভারতীয় নাগরিক। ব্যতিক্রমী এই বিজ্ঞাপনটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে হাস্যরসের সৃষ্টি করে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই পদের জন্য ইতোমধ্যে ২৬ জন আবেদন করেছেন। এরপর আর নতুন আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছেন বিজ্ঞাপনদাতা।
জানা গেছে, দীনেশ ভারতের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টেক মাহিন্দ্রার একজন সাবেক ‘সিনিয়র অ্যাসোসিয়েট’। সম্প্রতি তিনি লিংকডইনে ‘ফুল-টাইম, হাইব্রিড গার্লফ্রেন্ড’ শীর্ষক একটি চাকরির বিজ্ঞাপন পোস্ট করেন, যেখানে সম্পর্ককে চাকরির কাঠামোয় উপস্থাপন করা হয়েছে।
চাকরির বিবরণে তিনি উল্লেখ করেন, গুরগাঁওভিত্তিক এই ফুলটাইম হাইব্রিড পদের মূল দায়িত্ব হবে গভীর আবেগী সম্পর্ক তৈরি ও তা বজায় রাখা, অর্থবহ আলোচনায় অংশ নেওয়া, সঙ্গ দেওয়া, পারস্পরিক সহায়তা নিশ্চিত করা এবং একসঙ্গে বিভিন্ন শখ ও কার্যক্রমে যুক্ত থাকা।
বিজ্ঞাপনে আরও বলা হয়, সম্পর্কের ভিত্তি হবে সক্রিয় যোগাযোগ, পারস্পরিক সম্মান ও বোঝাপড়া। যৌথ সিদ্ধান্ত গ্রহণ এবং একটি ইতিবাচক ও সহায়ক সম্পর্কের পরিবেশ গড়ে তোলাও এই পদের অংশ।
যোগ্যতার তালিকায় দীনেশ উল্লেখ করেন, আবেদনকারীর মধ্যে আবেগী বুদ্ধিমত্তা, সহানুভূতি, মনোযোগ দিয়ে শোনার দক্ষতা ও ভালো আন্তঃব্যক্তিক সম্পর্ক গড়ে তোলার সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি রসবোধ, দয়ালু মনোভাব ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিও প্রত্যাশিত।
অদ্ভুত এই বিজ্ঞাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা রকম মজা ও মন্তব্য। কেউ কেউ বেতনের পরিমাণ জানতে চান, আবার কেউ ব্যঙ্গ করে মন্তব্য করেন—এখন যেকোনো অ্যাপই নাকি ডেটিং অ্যাপে পরিণত হচ্ছে।
এক ব্যবহারকারী প্রশ্ন করলে এটি আদৌ বাস্তব কি না, দীনেশ স্পষ্ট করে জানান, এটি কোনো পরীক্ষামূলক পোস্ট নয়। তার ভাষ্য অনুযায়ী, এখানে প্রকৃত শূন্যপদ রয়েছে এবং আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন বা রেফার করার আহ্বান জানান তিনি।


