টাকা না পেয়ে প্রেমিকার আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার
অর্থ দাবি পূরণ না হওয়ায় এক নারীর আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশের অভিযোগে সবুজ খান (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। তিনি রংপুর জেলার বাসিন্দা।
র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেনিয়াবাত জানান, বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাভারের র্যাব-৪ (সিপিসি-২) অভিযানে সহযোগিতা করে।
গ্রেফতার সবুজ খান রংপুর জেলার দেবীগঞ্জ থানার বানিয়াপুর গ্রামের লুৎফুর রহমানের ছেলে। বর্তমানে তিনি সাভারের গেন্ডা পৌরসভার আনন্দপুর এলাকায় বসবাস করতেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্রে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সবুজ। বিয়ের প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপ, ইমো ও ম্যাসেঞ্জারে আপত্তিকর অডিও-ভিডিও কলে কথা বলেন এবং গোপনে সেসব ধারণ করেন। পরে ভুক্তভোগীর কাছে পাঁচ লাখ টাকা দাবি করা হয়।
ভুক্তভোগী বাধ্য হয়ে এক লাখ ৭০ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা না পেয়ে অভিযুক্ত যুবক অনলাইনে নারীর আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ওই নারী বাদী হয়ে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।


