লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, ৭ বছরের শিশুর মৃত্যু

দেশজুড়ে
লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, ৭ বছরের শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৫

লক্ষ্মীপুর সদর উপজেলায় এক বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ওই নেতা ও তার আরও দুই কন্যা গুরুতর দগ্ধ হয়েছেন। নিহত শিশুটি বেলাল হোসেনের মেয়ে আয়েশা আক্তার (৭)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতার গোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাতে বেলাল হোসেন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যায় শিশু আয়েশা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অগ্নিকাণ্ডে বেলাল হোসেন এবং তার দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার মারাত্মকভাবে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের পরামর্শে বিথি ও স্মৃতিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বেলাল হোসেন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি সুতার গোপ্তা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করেন। তার বাড়িটি বাজারসংলগ্ন এলাকায় অবস্থিত।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তদন্ত করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি পরিকল্পিত নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের শনাক্ত করতে তদন্ত চলছে।