‘ভারত যদি বাংলাদেশে নজর দেয়, পাকিস্তানের ক্ষেপণাস্ত্রগুলো জবাব দেবে’

‘ভারত যদি বাংলাদেশে নজর দেয়, পাকিস্তানের ক্ষেপণাস্ত্রগুলো জবাব দেবে’
নিউজ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৫

পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগ–নওয়াজের (পিএমএল-এন) যুব শাখার এক নেতা বাংলাদেশ ইস্যুতে ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেওয়া হলে পাকিস্তান নীরব থাকবে না।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় পিএমএল-এন যুব শাখার নেতা কামরান সাঈদ উসমানি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত এলে পাকিস্তানের জনগণ, সেনাবাহিনী এবং প্রতিরক্ষা সক্ষমতা প্রস্তুত থাকবে। ভারত যদি বাংলাদেশকে লক্ষ্য করে কোনো ‘খারাপ উদ্দেশ্য’ বাস্তবায়নের চেষ্টা করে, তার জবাব দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে ইন্ডিয়া টুডে প্রতিবেদন প্রকাশ করেছে।

ভিডিও বার্তায় উসমানি দাবি করেন, ভারতের তথাকথিত ‘অখণ্ড ভারত’ ভাবনার চাপ বাংলাদেশে প্রয়োগের চেষ্টা সহ্য করা হবে না। তার ভাষায়, এর আগে ভারতকে কঠিন পরিস্থিতির মুখে ফেলতে সক্ষম হয়েছে পাকিস্তান এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও তা করবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এসময় তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক জোট গঠনের আহ্বান জানান। তার প্রস্তাব অনুযায়ী, উভয় দেশ একে অপরের ভূখণ্ডে সামরিক ঘাঁটি স্থাপন করতে পারে। এতে করে আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত শক্তি আরও বাড়বে বলে দাবি করেন তিনি।

উসমানি আরও বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে যুক্ত হলে আঞ্চলিক বাণিজ্য ও সামুদ্রিক নিয়ন্ত্রণে বড় ধরনের পরিবর্তন আসবে। তার মতে, বন্দর ও সমুদ্রপথের নিয়ন্ত্রণই বৈশ্বিক প্রভাব বিস্তারের মূল চাবিকাঠি।

পাকিস্তানি এই যুবনেতার মন্তব্য দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।