ভারতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ ঘোষণা

ভারতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ ঘোষণা
নিউজ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫

মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলো বুধবার (২৪ ডিসেম্বর) থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময়ে নিয়মিত কনস্যুলার সেবা প্রদান করা হবে না।

জানা গেছে, ক্রিসমাস উপলক্ষে ফেডারেল কর্মচারীদের জন্য অতিরিক্ত ছুটি ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নির্বাহী আদেশ জারি করেন। এর কয়েকদিন পরই ভারতে মার্কিন কূটনৈতিক মিশনগুলো বন্ধ রাখার ঘোষণা আসে।

এর ফলে ভিসা সাক্ষাৎকার, পাসপোর্ট সংক্রান্ত কাজ, নথি যাচাইকরণসহ সব ধরনের অ-জরুরি কনস্যুলার কার্যক্রম ভারতজুড়ে যুক্তরাষ্ট্রের সকল দূতাবাস ও কনস্যুলেটে স্থগিত থাকবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় জানায়, প্রেসিডেন্সিয়াল এক্সিকিউটিভ অর্ডার অনুযায়ী ২৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দূতাবাস ও কনস্যুলেট বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময় শেষে ২৬ ডিসেম্বর থেকে আবার নিয়মিত কনস্যুলার কার্যক্রম চালু হবে। একই সঙ্গে জানানো হয়, নির্বাহী আদেশ অনুযায়ী ফেডারেল সরকারের সব নির্বাহী বিভাগ ও সংস্থা ২৪ ও ২৬ ডিসেম্বর বন্ধ থাকবে এবং কর্মীরা এ সময় ছুটি ভোগ করবেন।

তবে আদেশে উল্লেখ করা হয়েছে, জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা বা জরুরি জনস্বার্থের প্রয়োজনে নির্দিষ্ট কিছু অফিস ও স্থাপনা খোলা রাখার ক্ষমতা সংশ্লিষ্ট বিভাগের প্রধানদের থাকবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস