ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে যা বলল ভারত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিস্তারিত ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে ভারত।
বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে। এ সময় নয়াদিল্লি হাদির হত্যার সঙ্গে সংশ্লিষ্ট কোনো অভিযোগের সত্যতা খতিয়ে দেখার জন্য বাংলাদেশের পক্ষকে বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে।
পিটিআই জানায়, হাদিকে হত্যার পর ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। তার মৃত্যুর পর বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকেও ঢাকায় তলব করা হয়। পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনায় নয়াদিল্লি বাংলাদেশে ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা এবং শিলিগুড়ি ও ঢাকায় বাংলাদেশের স্থাপনায় হামলা ও ভাঙচুর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
উল্লেখ্য, ১৪ ডিসেম্বরও প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেদিন বাংলাদেশের সরকারের উদ্বেগ জানানো হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার বিষয়ে। এছাড়া হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছিল।
গত ১৭ ডিসেম্বরও নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছিল। মাত্র এক সপ্তাহ না যেতেই পুনরায় তলব করা হল।


