কনটেন্ট ক্রিয়েটরদের বড় সুখবর, ইউটিউবের চেয়েও বেশি আয় হবে এক্সে
সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাতাদের জন্য বড় সুখবর দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তার মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)–এ ক্রিয়েটরদের পারিশ্রমিক উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
বুধবার (৩১ ডিসেম্বর) এক্সে দেওয়া এক আলোচনায় মাস্ক এমন একটি প্রস্তাবে সাড়া দেন, যেখানে বলা হয়েছিল—অন্যান্য জনপ্রিয় প্ল্যাটফর্ম থেকে কনটেন্ট ক্রিয়েটরদের আকৃষ্ট করতে এক্সের উচিত আরও বেশি আর্থিক প্রণোদনা দেওয়া। জবাবে মাস্ক সংক্ষিপ্তভাবে লেখেন, “ঠিক আছে, চলুন এটা করি।”
মাস্ক জানান, যদি একটি স্বচ্ছ ও কার্যকর মানিটাইজেশন ব্যবস্থা চালু করা যায়, তবে ক্রিয়েটরদের আয় বর্তমানের তুলনায় অনেক বাড়ানো সম্ভব। এ লক্ষ্যে তিনি এক্সের প্রোডাক্ট হেড নিকিতা বিয়েরকে বিষয়টি তদারকির নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, সিস্টেমে কোনো ধরনের কারসাজি বা প্রতারণা যেন কঠোরভাবে দমন করা হয়।
এর জবাবে নিকিতা বিয়ের জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই কাজ চলছে। তিনি বলেন, এক্স টিম একটি নতুন পদ্ধতি তৈরি করছে, যা প্রায় ৯৯ শতাংশ প্রতারণা প্রতিরোধে সক্ষম হবে। নতুন এই ব্যবস্থায় কেবল প্রকৃত দর্শক, বাস্তব ভিউ এবং উচ্চমানের এনগেজমেন্টকেই পুরস্কৃত করা হবে।
ইলন মাস্ক আরও দাবি করেন, এই মানদণ্ড সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এক্সে কনটেন্ট নির্মাতাদের আয় ইউটিউবের চেয়েও বেশি হতে পারে।
বিশ্লেষকদের মতে, মাস্কের এই উদ্যোগ বাস্তবায়িত হলে ডিজিটাল কনটেন্ট ইকোসিস্টেমে বড় পরিবর্তন আসতে পারে এবং এক্স ক্রিয়েটরদের জন্য আরও আকর্ষণীয় একটি প্ল্যাটফর্মে পরিণত হতে পারে। এখন দেখার বিষয়, কবে এবং কীভাবে এই নতুন আয়ের কাঠামো কার্যকর করা হয়।


