এখন ভুল স্বীকার করলেও আ.লীগের আর সময় নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

দেশজুড়ে
এখন ভুল স্বীকার করলেও আ.লীগের আর সময় নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
নিউজ ডেস্ক
২ জানুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১৭ মাস পেরিয়ে গেলেও তারা কোনো অনুতপ্ত নয়। তিনি বলেন, “যদি এখন তারা এসে বলেন—আমরা ভুল করেছি, দুঃখিত—তাহলেও সময় নেই। কারণ মনোনয়ন দাখিলের সময় ইতোমধ্যেই শেষ হয়ে গেছে।”

শুক্রবার সকালে মাগুরার নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রম পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, একটি রাজনৈতিক দলকে অস্ত্র হাতে তুলে নেওয়া বা শিক্ষার্থীদের হত্যা করার মতো সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হতে দেওয়া যায় না। শান্তিপূর্ণ আচরণই একটি দলের মৌলিক শর্ত।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ আমি দেখি না। জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা নেই। তারা বিপুল সংখ্যক মানুষকে হত্যা ও গুম করেছে। এখন তাদের নেতাকর্মীরা দেশের বাইরে গিয়ে মিথ্যাচার করছে।”

শফিকুল আলম অভিযোগ করেন, জুলাই আন্দোলনে তিন হাজার পুলিশ নিহত হয়েছে, এবং লাখ লাখ আন্দোলনকারীর বিরুদ্ধে জঙ্গি প্রচারণা চালানো হয়েছে।

তিনি বলেন, “আওয়ামী লীগের আমলে সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ ছিল শুধুমাত্র যুবলীগ ও ছাত্রলীগের লোকদের জন্য। সাধারণ মানুষ তখন তা বুঝতে পারেনি। এখন অনেকেই তাদের নিয়ন্ত্রণের অধীনে কাজ করছেন।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “নতুন কোনো ফ্যাসিজমের দিকে সরকার যাচ্ছে না। বরং দেশের ফ্যাসিজম কায়েম করেছে আওয়ামী লীগ। স্বাধীনতার চেতনার কথা বলে জনগণের অধিকার হরণ করেছে তারা।”

প্রেস সচিবের মতে, নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও ইতোমধ্যেই সারা দেশে ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে। তবে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ নেই, কারণ তারা নিজেরাই নিজেদের অযোগ্য করে তুলেছে।

এ সময় নিতাই গৌর সেবাশ্রমের অধ্যক্ষ বাবাজী মহারাজ চিন্ময় আনন্দ দাস চঞ্চল গোসাই, মাগুরা নেজারত ডেপুটি কালেক্টর সহকারী কমিশনার আমিনুল ইসলাম, মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান এবং নিতাই গৌর সেবাশ্রমের সাধারণ সম্পাদক তরুণ ভৌমিক উপস্থিত ছিলেন।