ঘন কুয়াশা কাটতেই দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটের দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে আসলে ঘাট কর্তৃপক্ষ এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক করে।
এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঘন কুয়াশার কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় চ্যানেলের বিকন বাতি ও নৌপথের মার্কিং পয়েন্ট স্পষ্ট না থাকায় সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফেরি চলাচল বন্ধ থাকায় দক্ষিণাঞ্চল থেকে ঢাকামুখী যাত্রী ও যানবাহনগুলোকে তীব্র শীতের মধ্যে দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় শতাধিক যানবাহন আটকে পড়ে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় রোববার সকাল ১১টা ২০ মিনিট থেকে সীমিত আকারে ফেরি চলাচল শুরু করা হয়েছে। তবে সিরিয়ালে যানবাহনের চাপ তুলনামূলকভাবে কম রয়েছে। অনেক চালক আগেই ফেরি বন্ধের খবর পেয়ে বিকল্প নৌরুট ব্যবহার করায় বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি বলেও জানান তিনি।


