যশোরে গুলিবিদ্ধ জুলাই যোদ্ধার ওপর ছুরিকাঘাত
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যশোরের যুবক এনাম সিদ্দিকির ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। রোববার (৪ জানুয়ারি) সকালে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় এনাম সিদ্দিকিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত খন্দকার আমিনুল্লাহর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, রোববার সকাল সাড়ে আটটার দিকে প্রতিদিনের মতো হাঁটতে বের হলে এনায়েতপুর পীরবাড়ির সামনে দুই অজ্ঞাত ব্যক্তি তার পথরোধ করে। একপর্যায়ে হামলাকারীরা তাকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, এনাম সিদ্দিকির শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত।
ঘটনার পর বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তার নির্দেশে দলীয় নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে আহতের খোঁজখবর নেন এবং চিকিৎসা সহায়তা নিশ্চিত করেন।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


