ভেনেজুয়েলার পর এবার ইরানে ‘কঠিন হামলার’ হুমকি ট্রাম্পের

ভেনেজুয়েলার পর এবার ইরানে ‘কঠিন হামলার’ হুমকি ট্রাম্পের
নিউজ ডেস্ক
৫ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভ পরিস্থিতির ওপর সরাসরি সতর্কবার্তা দিয়েছেন। রোববার (৪ জানুয়ারি) গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যদি ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে হত্যা ও সহিংসতা আবারও চালানো হয়, তবে যুক্তরাষ্ট্র “খুব শক্তিশালী” প্রতিক্রিয়া জানাবে।

ট্রাম্পের কথায়, ইরানের পরিস্থিতি যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অতীতের মতো যদি সাধারণ নাগরিকদের প্রাণহানি ঘটে, তবে তা সৎভাবে সহ্য করা হবে না। এর আগে ট্রাম্প একই ধরনের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে।

যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার কড়া ভাষায় বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, “ইসরায়েলের প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের কট্টরপন্থি কর্মকর্তাদের মন্তব্য ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিতে সহিংসতা উসকে দিচ্ছে।” বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘ইহুদিবাদী শক্তি’ ইরানের জাতীয় ঐক্যে আঘাত হানার সুযোগের অপেক্ষায় রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভেনেজুয়েলা নীতি ইরান কঠোরভাবে সমালোচনা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই বলেন, “ওয়াশিংটনের মন্তব্যগুলো তাদের প্রকৃত উদ্দেশ্যই প্রকাশ করছে। ইরান ও ভেনেজুয়েলার সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে।”

বাঘাই আরও বলেন, অতীতে বিভিন্ন দেশে গণতন্ত্র ও মানবাধিকারের স্লোগান ব্যবহার করে হস্তক্ষেপকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্র খোলাখুলিভাবে বলছে যে আসল লক্ষ্য হলো ভেনেজুয়েলার তেল। তিনি মন্তব্য করেন, “কোনো দেশ আরেকটি দেশ চালাতে পারে না—এ ধরনের দাবি কোনো জাতির কাছে গ্রহণযোগ্য নয়। এটি ঔপনিবেশিক যুগের মানসিকতার প্রতিফলন।”