রামুতে অস্ত্রসহ ডাকাতদলের নারী সদস্য আটক
কক্সবাজারের রামুতে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযানে ডাকাত চক্রের সহযোগী হিসেবে সন্দেহভাজন এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইংগাকাটা সামারঘোনায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতার হওয়া নারীর নাম জেসমিন সুলতানা রিয়া (২০)। তিনি স্থানীয় নুর আহম্মদের মেয়ে বলে জানিয়েছে পুলিশ।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় ওই এলাকায় একটি ডাকাত চক্র অস্ত্র মজুদ করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, রামু থানা পুলিশ ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।
প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযানে জেসমিন সুলতানা রিয়ার বসতঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুটি পুরোনো পিস্তল, ছয়টি চাইনিজ রাইফেলের গুলি, ৪৯টি পিস্তলের গুলি, চারটি ব্যবহৃত শটগানের কার্তুজের খোসা, একটি বড় বন্দুকের বাটের অংশ, দুটি দা, একটি খেলনা পিস্তল, দুটি বাটন মোবাইল ফোন ও একটি কাটার উদ্ধার করা হয়।
অভিযান শেষে জব্দ তালিকা প্রস্তুত করে ঘটনাস্থল থেকেই ওই নারীকে গ্রেফতার করা হয়।
ওসি মনিরুল ইসলাম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রিয়া উদ্ধারকৃত অস্ত্রগুলো ডাকাত নুরুল আবছার ওরফে ল্যাং আবছার এবং রহিমের বলে স্বীকার করেছেন। তিনি ডাকাত চক্রের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করতেন বলেও জানান।
তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্য ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গ্রেফতার সংক্রান্ত বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


