মোদি আমাকে বলেছিলেন, ‘স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি?’: ট্রাম্প
রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর যুক্তরাষ্ট্র যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে, তা নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসন্তুষ্ট—এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের এক সম্মেলনে বক্তৃতা করার সময় ট্রাম্প দাবি করেন, ‘প্রধানমন্ত্রী মোদি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি বলেছিলেন, ‘স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি?’ আমি বললাম, ‘হ্যাঁ।’
ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ভালো হলেও শুল্ক ইস্যুতে ভারতীয় প্রধানমন্ত্রী তাঁর ওপর ‘তেমন একটা খুশি নন’।
ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদি তাঁর সঙ্গে সাক্ষাৎ করে শুল্ক বিষয়ে অসন্তোষের কথা জানান। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের চাপের মুখে ভারত রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার মধ্যে ২৫ শতাংশ শুল্ক রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে আরোপ করা হয়েছে বলে জানান ট্রাম্প। তাঁর ভাষ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
একই বক্তব্যে ট্রাম্প জানান, ভারত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অ্যাপাচে হেলিকপ্টার পাওয়ার অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, ভারত প্রায় পাঁচ বছর ধরে এই হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছে, তবে এখন পরিস্থিতির পরিবর্তন হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্টের মতে, ভারত ইতিমধ্যে ৬৮টি অ্যাপাচে হেলিকপ্টার কেনার অর্ডার দিয়েছে এবং এই প্রতিরক্ষা সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করবে।
বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে জ্বালানি ও প্রতিরক্ষা নীতিতে ভারতের অবস্থান এবং যুক্তরাষ্ট্রের চাপ—এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন নয়াদিল্লির জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


