নেতানিয়াহুর এক ঘনিষ্ঠ সহকারীকে আটক করেছে ইসরায়েলি পুলিশ
তদন্তে বাধা দেওয়ার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এক জ্যেষ্ঠ সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে দেশটির পুলিশ। স্থানীয় গণমাধ্যমের তথ্যে বলা হয়েছে, গাজা যুদ্ধে সামরিক তথ্য ফাঁসের একটি ঘটনার তদন্তের সঙ্গে এই বিষয়টি সংশ্লিষ্ট।
পুলিশ আনুষ্ঠানিকভাবে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ না করলেও ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, তিনি তসাখি ব্রাভারম্যান। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর দপ্তরের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং যুক্তরাজ্যে ইসরায়েলের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত।
ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়, রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক শীর্ষ কর্মকর্তাকে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে সতর্কতামূলকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে নেতানিয়াহুর সাবেক সহকারী এলি ফেল্ডস্টেইন অভিযোগ করেন, গাজা যুদ্ধ চলাকালে বিদেশি গণমাধ্যমে সংবেদনশীল সামরিক তথ্য ফাঁসের ঘটনায় চলমান তদন্তে ব্রাভারম্যান প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন।
এদিকে আঞ্চলিক অস্থিরতার মধ্যেই গাজায় ফের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। অবরুদ্ধ গাজা উপত্যকায় রাতভর ইসরায়েলি হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, রোববার (১১ জানুয়ারি) ভোর পর্যন্ত দক্ষিণ গাজার রাফাহ ও খান ইউনিস, গাজা শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেইতুন এলাকা এবং উপত্যকার বিভিন্ন পাড়া-মহল্লায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী।


