বেপরোয়া ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দেশজুড়ে
বেপরোয়া ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জে লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কে একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাহেবুল ইসলাম (৪৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাকিনা কবিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহেবুল ইসলাম তুষভান্ডার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবু তালেব মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে লালমনিরহাট থেকে একটি ড্রাম ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। একই সময় রাহেবুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে বিপরীত দিক থেকে কালীগঞ্জের দিকে আসছিলেন। কাকিনা কবিবাড়ি এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং রাহেবুল ইসলাম ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যান।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।