করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিয়ন্ত্রণে আসেনি আগুন

করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিয়ন্ত্রণে আসেনি আগুন
নিউজ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৬

পাকিস্তানের বন্দরনগরী করাচির গুল প্লাজা শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাতে এমএ জিন্নাহ রোডে অবস্থিত বহুতল ভবনটিতে আগুন লাগার পর রোববার সকাল পর্যন্ত তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নেভানোর পাশাপাশি উদ্ধার অভিযান একযোগে চালানো হচ্ছে। করাচির দক্ষিণাঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সৈয়দ আসাদ রাজা রোববার সকালে জানান, সর্বশেষ তথ্যে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রেসকিউ ১১২২।

রেসকিউ কর্মকর্তারা জানান, ভোর পর্যন্ত আগুন প্রায় ৩০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে বিভিন্ন সংস্থা ও দপ্তরের অন্তত ২০টি ফায়ার টেন্ডার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গুল প্লাজায় প্রায় ১ হাজার ২০০টি দোকান রয়েছে। দোকানগুলোতে পোশাক, ক্রোকারিজ, বৈদ্যুতিক সামগ্রী, প্রসাধনী ও পারফিউমসহ দাহ্য পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়। ভবনটি পুরোনো হওয়ায় আগুনের তাপে যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। এ কারণে অভিযান চালাতে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিচতলার কোনো একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। উদ্ধার কাজে অংশ নেওয়া এধি ফাউন্ডেশন জানিয়েছে, আগুনের তীব্রতায় ভবনের একটি অংশ ধসে পড়েছে।

ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিন্ধুর গভর্নর কামরান তেসোরি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন এবং ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, এর এক দিন আগেই করাচি পোর্ট ট্রাস্ট এলাকায় অগ্নিকাণ্ডে বৈদ্যুতিক ব্যাটারি ভর্তি অন্তত ২০টি কনটেইনার পুড়ে যাওয়ার ঘটনা ঘটে।