চুয়াডাঙ্গায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে চুয়াডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী এ কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
পরে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি আয়োজিত হয়। এ সময় মেলায় প্রদর্শনকৃত ১৪ টি স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। চুয়ডাঙ্গা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়ন সম্ভব। কৃষিকে টেকসই করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগের বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান ও কৃষি) দেবাশীষ কুমার দাস ও অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মিঠু চন্দ্র অধিকারী।
মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৪টি স্টল স্থাপন করা হয়। এসব স্টলে উন্নত জাতের ফসল, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কৃষিযন্ত্র প্রদর্শন করা হয়। মেলায় কৃষক ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


