গ্রিনল্যান্ড দখলে নিলে বিশ্ব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন ট্রাম্প: রাশিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার বিষয়ে এগোন, তবে তিনি শুধু যুক্তরাষ্ট্রের ইতিহাসেই নয়, বিশ্ব ইতিহাসেও স্মরণীয় হয়ে উঠবেন।
সোমবার (১৯ জানুয়ারি) পেসকভ এ মন্তব্য করেন এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের এ ধরনের মূল্যায়নের সঙ্গে একমত না হওয়ার কোনো কারণ দেখছেন না বলেও জানান। তবে তিনি গ্রিনল্যান্ড দখলকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না বা ভালো-মন্দ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।
পেসকভ বলেন, “গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে ট্রাম্প ইতিহাসে এক বিশেষ স্থান নিশ্চিতভাবেই নেবেন।”
এর আগে ট্রাম্প বারবার জোর দিয়েছেন যে তিনি গ্রিনল্যান্ড ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে রাজি নন। তার যুক্তি, দ্বীপটি যদি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না আসে, তাহলে ভবিষ্যতে রাশিয়া বা চীন সেখানে প্রভাব বিস্তার করতে পারে।
ক্রেমলিনের পক্ষ থেকে গ্রিনল্যান্ড নিয়ে হুমকির কোনো অভিযোগের বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছুকতা প্রকাশ করা হয়। পেসকভ বলেন, “সাম্প্রতিক সময়ে অনেক ‘উদ্বেগজনক তথ্য’ ছড়িয়েছে, কিন্তু রাশিয়ার কোনো নীলনকশা রয়েছে, এমন দাবি আমরা স্বীকার করি না।”
অন্যদিকে, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতারা স্পষ্ট করেছেন, দ্বীপটি বিক্রির জন্য নয় এবং বাসিন্দারাও যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিমা দেশগুলো গ্রিনল্যান্ড নিয়ে রাশিয়া ও চীনের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলতে পারে না এবং এটি পশ্চিমা শক্তিগুলোর দ্বৈত মানদণ্ডকে প্রকাশ করে।


