যেসব চমক থাকতে পারে আইফোন ১৮-তে

যেসব চমক থাকতে পারে আইফোন ১৮-তে
নিউজ ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬

আইফোন ১৭ সিরিজের আনুষ্ঠানিক উন্মোচনে এখনো সময় থাকলেও প্রযুক্তিপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অ্যাপলের ভবিষ্যৎ ফ্ল্যাগশিপ আইফোন ১৮ প্রো। নতুন এই ডিভাইসকে ঘিরে একের পর এক ফাঁস হওয়া তথ্য ও গুজব প্রযুক্তি বাজারে আগ্রহ আরও বাড়িয়ে তুলছে।

সম্প্রতি জনপ্রিয় ইউটিউব চ্যানেল ফ্রন্ট পেজ টেক-এ প্রকাশিত এক ভিডিওতে অ্যাপল টিপস্টার জন প্রোসার আইফোন ১৮ প্রো-এর সম্ভাব্য ডিজাইন, ডিসপ্লে ও হার্ডওয়্যার পরিবর্তন নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তার দাবি অনুযায়ী, এবার আইফোনের ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে অ্যাপল।

ফাঁস হওয়া তথ্যে বলা হচ্ছে, আইফোন ১৮ প্রোতে আর আগের মতো বড় ডায়নামিক আইল্যান্ড দেখা যাবে না। এর পরিবর্তে ফোনটিতে থাকতে পারে একটি ছোট পাঞ্চ-হোল কাটআউট। একই সঙ্গে অ্যাপল ডিসপ্লের নিচে ফেস আইডি সেন্সর বসানোর প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলেও দাবি করা হয়েছে। এই পরিবর্তন বাস্তবায়িত হলে এটি আইফোন ডিজাইনের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হতে পারে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডিজাইনের দিক থেকে ফোনটি খুব নাটকীয়ভাবে বদলাবে না বলে ধারণা করা হচ্ছে, তবে আইফোন ১৭ প্রো সিরিজের তুলনায় এটি আরও পরিপাটি ও প্রিমিয়াম লুক পেতে পারে। নতুনভাবে ডিজাইন করা ক্যামেরা আইল্যান্ড আবারও ফিরতে পারে, যা ফোনটির সৌন্দর্য বাড়াবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে আইফোন ১৮ প্রোতে ব্যবহার হতে পারে অ্যাপলের পরবর্তী প্রজন্মের এ২০ প্রো চিপসেট। উন্নত এআই ফিচার ব্যবহারের জন্য ফোনটিতে সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম যুক্ত করার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। পাশাপাশি দ্রুত ও স্থিতিশীল নেটওয়ার্ক সংযোগের জন্য নতুন সি২ মডেম ব্যবহার করতে পারে অ্যাপল।

ক্যামেরা বিভাগেও বড় আপগ্রেডের ইঙ্গিত মিলছে। গুজব অনুযায়ী, অ্যাপল প্রথমবারের মতো আইফোনে ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি যুক্ত করতে পারে, যা বিভিন্ন আলোতে ছবি তোলার মান আরও উন্নত করবে।

রঙের ক্ষেত্রেও নতুনত্ব আনতে পারে অ্যাপল। ফাঁস হওয়া তথ্যে বার্গেন্ডি, ব্রাউন ও পার্পলসহ একাধিক নতুন রঙের কথা বলা হয়েছে, যা প্রো সিরিজের প্রচলিত রঙের তালিকায় পরিবর্তন আনতে পারে।

তবে এসব তথ্য এখনো গুজব ও ফাঁস হওয়া সূত্রের ওপর নির্ভরশীল। আইফোন ১৮ প্রো বাজারে আসতে এখনো বেশ সময় বাকি। তাই অ্যাপলের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এসব তথ্যকে চূড়ান্ত বলে ধরে নেওয়ার সুযোগ নেই।