ইরানের সঙ্গে আমরা আলোচনার জন্য প্রস্তুত: ট্রাম্প
সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত তথাকথিত ‘বোর্ড অব পিস’ উদ্বোধন অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায় এবং ওয়াশিংটনও সে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।
বুধবার দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, “ইরান আলোচনা করতে চায়, আর আমরাও আলোচনা করবো।” তিনি স্মরণ করিয়ে দেন, গত বছর ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার উদ্দেশ্য ছিল দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।
ট্রাম্প জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত—ইরান যেন কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। ভবিষ্যতের সব পদক্ষেপও এই লক্ষ্যকে সামনে রেখেই নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে দাভোসেই গ্রিনল্যান্ড প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে রাশিয়ার কোনো উদ্বেগ নেই এবং বিষয়টি যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যেই সমাধান হওয়া উচিত।
তবে একই সঙ্গে তিনি গ্রিনল্যান্ডে ডেনমার্কের ঐতিহাসিক ভূমিকার সমালোচনা করেন। পুতিনের মতে, এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে যে মতবিরোধ তৈরি হয়েছে, তা রাশিয়ার জন্য এক ধরনের স্বস্তির পরিস্থিতি সৃষ্টি করেছে।
গ্রিনল্যান্ড অধিগ্রহণ নিয়ে আগে দেওয়া শুল্ক আরোপ ও বলপ্রয়োগের হুমকি থেকে সরে আসেন ট্রাম্প। দাভোসে তিনি বলেন, আধা-স্বায়ত্তশাসিত ডেনিশ ভূখণ্ডটি নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে সমঝোতার পথে অগ্রগতি হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই বিরোধ মেটাতে না পারলে তা ট্রান্সআটলান্টিক সম্পর্কের ক্ষেত্রে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সংকটে রূপ নিতে পারত।
গ্রিনল্যান্ড ইস্যুতে প্রথমবার প্রকাশ্যে মন্তব্য করে পুতিন ইঙ্গিত দেন, ট্রাম্পের এই উদ্যোগের বিরুদ্ধে রাশিয়ার কোনো আপত্তি নেই। তিনি ধারণা দেন, কৌশলগত গুরুত্বসম্পন্ন দ্বীপটির মূল্য প্রায় ১০০ কোটি ডলার হতে পারে।


