দেড় বছর আগে মারা যাওয়া শিক্ষককে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে তালিকাভুক্ত

দেশজুড়ে
দেড় বছর আগে মারা যাওয়া শিক্ষককে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে তালিকাভুক্ত

জামালপুরের দেওয়ানগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে দেড় বছর আগে মারা যাওয়া এক শিক্ষকের নাম অন্তর্ভুক্ত করার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনি দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণে অংশ নিতে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মৃত ওই শিক্ষকের নামে চিঠি ইস্যু করা হয়।

তালিকাভুক্ত ওই শিক্ষকের নাম আব্দুল করিম। তিনি চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। জানা যায়, তিনি গত বছরের ৩ আগস্ট মৃত্যুবরণ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিষয়টি নিশ্চিত করেছেন চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সুপার মো. শফিউল আলম। তিনি বলেন, শিক্ষক আব্দুল করিম প্রায় দেড় বছর আগে মারা গেছেন। তার নামে নির্বাচনি দায়িত্বের চিঠি পাওয়ার বিষয়টি আমাদের জন্য বিস্ময়কর।

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, জারি করা চিঠির সূত্র নম্বর ১৭.০০.০০০০.০৩৪.৩৬.০১০.২৫-৪৫০ অনুযায়ী গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৪ জানুয়ারি সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নির্বাচিত কর্মকর্তাদের তালিকা পাঠানো হয়। ওই তালিকায় ২৮০ নম্বর ক্রমিকে মৃত শিক্ষক আব্দুল করিমের নাম সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, কারিগরি ত্রুটির কারণে ওই মৃত ব্যক্তির নাম সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে তালিকাভুক্ত হয়েছে। বিষয়টি জানার পর তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ঘটনায় নির্বাচনি কার্যক্রমে প্রশাসনিক অব্যবস্থাপনা ও তথ্য হালনাগাদের ঘাটতি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।