রোববার ৪ জেলায় নির্বাচনি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

রাজনীতি
রোববার ৪ জেলায় নির্বাচনি জনসভায় অংশ নেবেন তারেক রহমান
নিউজ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের টানা নির্বাচনি প্রচারণা কর্মসূচি চলমান রয়েছে। এর অংশ হিসেবে আগামী রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

দলীয় সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘পলিসি ডায়ালগ’-এ অংশ নেওয়ার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন তারেক রহমান। এ আলোচনায় দলের নীতিগত অবস্থান, নির্বাচনি কৌশল এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখার কথা রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এরপর সকাল ১১টায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। সমাবেশ সফল করতে চট্টগ্রাম মহানগরসহ আশপাশের জেলা থেকে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিএনপি।

চট্টগ্রামের কর্মসূচি শেষে তারেক রহমান ফেনীর উদ্দেশে রওনা হবেন। সেখানে ফেনী পাইলট কলেজ মাঠে আয়োজিত জনসমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

পরবর্তী পর্যায়ে কুমিল্লার চৌদ্দগ্রাম, সুয়াগাজী ও দাউদকান্দি এলাকায় পর্যায়ক্রমে তিনটি জনসমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান।

দিনব্যাপী প্রচারণার শেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে। ওই সমাবেশ শেষে তিনি ঢাকার গুলশানে নিজ বাসভবনে ফিরে যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপি নেতারা জানিয়েছেন, এই ধারাবাহিক নির্বাচনি কর্মসূচির মাধ্যমে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং দলের রাজনৈতিক বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য।