আমরা চাঁদাবাজি করব না, করতেও দেব না: জামায়াত আমির

রাজনীতি
আমরা চাঁদাবাজি করব না, করতেও দেব না: জামায়াত আমির
নিউজ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরে নির্বাচনী সমাবেশে শিশু ও প্রবীণদের জন্য বিনা মূল্যে চিকিৎসা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে দিনাজপুর শহরের গোর-এ শহীদ ময়দানের দক্ষিণ অংশে পুলিশ সুপার কার্যালয়ের সামনে হেলিপ্যাড মাঠে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে শূন্য থেকে ৫ বছর বয়সী সব শিশু এবং ৬০ থেকে ৬৫ বছর বয়সী প্রবীণদের বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হবে। যাদের আর্থিক সক্ষমতা আছে তারা নিজের খরচে চিকিৎসা নেবেন, আর যারা পারবেন না—রাষ্ট্র তাদের দায়িত্ব নেবে। এই ব্যয় জনগণের দেওয়া ভ্যাট ও কর থেকেই বহন করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি অভিযোগ করেন, দিনাজপুরের সঙ্গে দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। দেশের অনেক পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হলেও প্রাচীন পৌরসভা হওয়া সত্ত্বেও দিনাজপুর তা পায়নি। জামায়াত সরকার গঠন করলে দিনাজপুরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘আমার ভোট আমি দেব—এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। কেউ ভোট কারচুপির চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।’

তিনি দিনাজপুরে গ্যাস সুবিধা না থাকা, কৃষিতে আধুনিক যন্ত্রপাতির অভাব এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ার বিষয়েও কথা বলেন। ক্ষমতায় গেলে আম, লিচু, টমেটোসহ কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে কারখানা স্থাপনের ঘোষণা দেন তিনি। এতে কর্মসংস্থান বাড়বে এবং উত্তরাঞ্চল কৃষিভিত্তিক অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে মন্তব্য করেন।

চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা চাঁদাবাজি করব না, করতেও দেব না। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই আমরা বাধার মুখে পড়ছি।’

নারী নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে ঘরে-বাইরে ও কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীদের ঘরে বন্দি করার অভিযোগকে গুজব বলে দাবি করেন তিনি।

এছাড়া সরকার গঠন করলে প্রতিটি জেলায় মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন, দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীত করা এবং মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির।

দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ জেলা ও কেন্দ্রীয় নেতারা।