আইনশৃঙ্খলা ও দুর্নীতিবিরোধী অভিযানই অগ্রাধিকার পাবে: তারেক রহমান
রাজধানীর গুলশানে শনিবার ‘আমরা ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আলাপে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের সমস্যা সমাধানে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
তিনি বলেন, দেশের অন্যান্য সমস্যা সমাধানের আগে আইনশৃঙ্খলা নিশ্চিত করা এবং দুর্নীতি দমন করতে হবে। তার পরিকল্পনা অনুযায়ী, এই দুটি ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিলে অন্যান্য অনেক সমস্যাই আপনা-আপনি কমে আসবে।
বিএনপি চেয়ারম্যান ফ্যামিলি কার্ড ও সামাজিক সুরক্ষা বিষয়েও জানান, পরিবারভিত্তিক এই কার্ডের মাধ্যমে স্বামীহারা নারী, সিঙ্গেল মাদার এবং সাধারণ জনগণ সুবিধা পাবে। তিনি বলেন, “ডাবল বা ট্রিপল সাপোর্টের মাধ্যমে রিসোর্স নষ্ট না করে সবাই যাতে সমান সুবিধা পায়, সেদিকে আমরা নজর দেব।”
শিক্ষা ও সামাজিক মূল্যবোধের প্রসঙ্গেও তারেক বলেন, প্রাথমিক শিক্ষার পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ শেখানোর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে নৈতিকতা ও সহমর্মিতা গড়ে তোলা সম্ভব। তিনি উদাহরণ দিয়ে বলেন, “একজন ১২–১৩ বছরের ছেলে বাবাকে সিটবেল্ট লাগাতে বলছে, কারণ তার শিক্ষক তাকে শিখিয়েছে।”
শিশু-কিশোরদের মোবাইল আসক্তি ও নেতিবাচক কনটেন্ট থেকে দূরে রাখতে খেলাধুলা এবং সাংস্কৃতিক কার্যক্রমে জোর দেওয়ার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন। স্কুল সিলেবাসে খেলাধুলা, তৃতীয় ভাষা, আবৃত্তি, গান এবং শিল্প-সংস্কৃতি অন্তর্ভুক্ত করার চিন্তাও জানান।
ঢাকার যানজট নিরসনে বিকেন্দ্রীকরণ ও স্যাটেলাইট টাউন স্থাপনের প্রস্তাবও তিনি উল্লেখ করেন। পাশাপাশি দ্রুতগতির রেল যোগাযোগ ও মনোরেল প্রকল্পের মাধ্যমে রাজধানীর চাপ কমানোর কথাও জানান।
বিজয়ীদের সঙ্গে আলাপচারিতার সময় তারেক রহমান তাদের প্রশ্নের উত্তর দেন এবং শিক্ষার মান, সামাজিক উন্নয়ন ও নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রতিযোগিতার ১০ জন বিজয়ী হলেন তৌফিকুর রহমান, রাফায়েতুল আহমেদ রাবিত, শেখ রিফাত মাহমুদ, ফাতিমা আয়াত, মো. ইসরাফিল, শাজেদুর রহমান, শেখ মো. ইকরাতুল ইসলাম, যারিন নাজনীন, মো. রিফাত হাসান এবং রমেসা আনজুম রোশমী।


