চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ২
চট্টগ্রামের পটিয়া উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) ভোররাতে উপজেলার ধলঘাট এলাকায় পটিয়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আফজাল মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সেনা সূত্র জানায়, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানের মূল লক্ষ্যবস্তু শানু (৫২) সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে পালানোর সময় মো. মুরাদ হাশেমী (৩৫) ও মো. শহীদুল ইসলাম (৫৪) নামে দুইজনকে আটক করা হয়।
পরে আটককৃতদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৯টি দা ও ৬টি ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত অস্ত্রসহ আটক দুজনকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


