বাসে নির্বাচনী প্রচারণা শুরু করল জামায়াত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর মিরপুর-১০ নম্বরে দলের মাল্টিমিডিয়া প্রচারণা বাস উদ্বোধন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “দেশের সম্পদ ও সম্মান যাদের হাতে নিরাপদ, নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি তাদের হাতেই দেশের চাবি তুলে দেওয়া হবে।”
জামায়াত আমির আরও যোগ করেন, “দেশবাসী এবার পরিবর্তন চায়। আমরা চাই দেশের মানুষের বিজয়। নির্বাচনে আমাদের জয় হলে ১৮ কোটি মানুষই এই বিজয়ের অংশীদার হবেন।”
ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ একটি নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে। তিনি শেরপুরে সম্প্রতি ঘটে যাওয়া হামলার প্রসঙ্গও উল্লেখ করে বলেন, জনগণের প্রতি আস্থা ও সমর্থনের কারণে রাজনৈতিক বাধার মুখে পরেও দল এগিয়ে যাচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি ঢাকা-১৫ আসনের ভোটারদের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেছেন এবং নির্বাচনী প্রচারণার জন্য বাস ব্যবহার করার ঘোষণা দেন।


