কিছু বাচ্চা-কাচ্চা আল্লাহর নামের চেয়েও আমার নাম বেশি নিচ্ছে: মির্জা আব্বাস

রাজনীতি
কিছু বাচ্চা-কাচ্চা আল্লাহর নামের চেয়েও আমার নাম বেশি নিচ্ছে: মির্জা আব্বাস
নিউজ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৬

ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শাহবাগের আজিজ মার্কেটে আয়োজিত এক সভায় বলেন, নির্বাচনের স্বচ্ছতা বাধাগ্রস্ত করতে কিছু মহল নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করছে।

মির্জা আব্বাস অভিযোগ করেন, “বিদেশে বসে বিএনপির কীভাবে ক্ষতি করা যায়, কীভাবে বদনাম ও অপবাদ দেওয়া যায় সেই চেষ্টাই তারা করছে। আর তাদেরই কিছু বাচ্চা-কাচ্চারা ঢাকায় বসে সকাল-দুপুর-সন্ধ্যায় আল্লাহর নাম নেওয়ার চেয়েও বেশি আমার নাম নিচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা অনেক ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছি। জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করবে, যাকে খুশি তাকে ভোট দেবে। তবে দয়া করে ভোটকেন্দ্রে গিয়ে নিজের অধিকার প্রয়োগ করবেন।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএনপি প্রার্থী জানান, “২০০৮ সালের মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে যাতে ভোটারদের অধিকার ছিনিয়ে নেওয়া যায়। আমাদের পোলিং এজেন্টরা আগে ফলাফল লিখিতভাবে নিয়ে সন্ধ্যা ৭টার মধ্যে বাড়ি ফিরত। এখন বলা হচ্ছে, ফলাফল গণনায় দুই-তিন দিন লাগতে পারে—আমরা এ পরিস্থিতি মেনে নেবো না। এটি একটি অশুভ লক্ষণ।”

তিনি দাবি করেন, “সরকারের ভেতরের কিছু লোক এখনও আওয়ামী লীগের হয়ে কাজ করছে। তারা চায় নির্বাচন না হোক, আর হলেও যেন বিএনপি জয়ী হতে না পারে। এটি পরিকল্পিতভাবে করা হচ্ছে।”

মির্জা আব্বাস বিদেশে অবস্থানরত সমালোচকদের উদ্দেশ্যেও বলেন, “সবাই দেশপ্রেমিক নয়। সত্যিকারের ভালোবাসা থাকলে দেশে এসে নির্বাচন করুন এবং জনগণের মতামত বোঝার চেষ্টা করুন।”

তিনি তার উপর ওঠানো অভিযোগগুলোর প্রমাণ চেয়ে বলেন, “আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, আমি তার প্রমাণ চাই। যারা মিথ্যা কথা বলছে, তাদের কি আল্লাহর কাছে জবাব দিতে হবে না?”