কিশোরগঞ্জের তাড়াইলে টাকার লোভে বাবাকে হত্যা, ছেলে আটক

দেশজুড়ে
কিশোরগঞ্জের তাড়াইলে টাকার লোভে বাবাকে হত্যা, ছেলে আটক
নিউজ ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২৬

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় টাকার জন্য বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে জুয়েল মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ।

রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে তাড়াইল উপজেলার তাড়াইল–সাচাইল সদর ইউনিয়নের দড়ি জাহাঙ্গীরপুর (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমজান মিয়া (৪৫) ওই গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবা ও ছেলে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর আনুমানিক ৫টার দিকে জুয়েল মিয়া ঘুমন্ত অবস্থায় তার বাবা রমজান মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চিৎকার শুনে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় রমজান মিয়াকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত জুয়েল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা এবং নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করে।

তাড়াইল থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকার জন্যই মাদকাসক্ত ছেলে তার বাবাকে হত্যা করেছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।