পঞ্চগড়ে দুই উপজেলায় বিএনপির নির্বাচনী ব্যানারে অগ্নিসংযোগ: থানায় জিডি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের নির্বাচনী প্রচারণার ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় ও তেঁতুলিয়া থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সদর থানায় সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু ও তেঁতুলিয়া মডেল থানায় বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাশেদ আলী সরকার পৃথক দুটি সাধারণ ডায়েরী করেন৷
সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর থানাধীন ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী জামিয়া কারিমীয়া কেরাতুল কোরআন মাদরাসার সামনে পঞ্চগড় ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের একটি নির্বাচনী ব্যানারে গতকাল শনিবার (৩১ জানুয়ারি) রাতে অজ্ঞাত ব্যক্তিরা একটি ব্যানারে অগ্নি সংযোগ করেন । অন্যদিকে একই দিন রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের তে-পথী মোড় এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যানারটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসা থেকে সংঘটিত বলে দাবি করেন। এদিকে দুটি ঘটনায় আজ রোববার পৃথকভাবে পঞ্চগড় সদর থানা ও তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর সাধারণ ডায়েরী দায়ের করেন বিএনপির দুই নেতা৷

এদিকে রোববারে সন্ধ্যায় ব্যানারে অগ্নি সংযোগ করার ঘটনায় পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলন করেন বিএনপির প্রার্থী।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাশেদ আলী সরকার বলেন, নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি ও ভীতির পরিবেশ তৈরির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
এদিকে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের নির্বাচনী এজেন্ট ব্যারিস্টার মুহম্মদ নওফল জমির এ ঘটনায় পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া মডেল থানায় সাধারণ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করে বলেন,নির্বাচনের পরিবেশ নষ্ট করতেই পরিকল্পিতভাবে ব্যানারে এই অগ্নিসংযোগ করা হয়েছে। প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন বলেন, থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরী হয়েছে । আমরা বিষয়টি দেখছি।
এদিকে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হলেন মোঃ নজির হোসেন সাধারণ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করে বলেন,সন্ধ্যার দিকে এঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ওই এলাকার বিট অফিসারকে দেয় হয়েছে৷ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে৷


