ক্যান্টনমেন্টে গানম্যান নিয়ে প্রবেশের ঘটনায় ক্ষমা চাইলেন জামায়াত প্রার্থী খালিদুজ্জামান

রাজনীতি
ক্যান্টনমেন্টে গানম্যান নিয়ে প্রবেশের ঘটনায় ক্ষমা চাইলেন জামায়াত প্রার্থী খালিদুজ্জামান
নিউজ ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের ক্যান্টনমেন্ট এলাকায় গানম্যানসহ প্রবেশের চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন তিনি। একই সঙ্গে এ ঘটনায় দুঃখ প্রকাশও করেছেন খালিদুজ্জামান।

ফেসবুক পোস্টে তিনি জানান, কয়েকদিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে দায়িত্বরত সেনাসদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। তবে বিষয়টি ইতোমধ্যে সমাধান হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে খালিদুজ্জামান লেখেন, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের গর্ব ও অহংকার উল্লেখ করে তিনি ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছেন এবং ভবিষ্যতে এ ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে সচেষ্ট থাকবেন বলে আশ্বাস দেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গানম্যানসহ কয়েকজন সহযোগী নিয়ে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের সময় দায়িত্বরত সেনাসদস্যরা তাকে বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়।

ভিডিওতে এক সেনাসদস্যকে বলতে শোনা যায়, ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্র বা গান নিয়ে প্রবেশ নিষিদ্ধ। জবাবে খালিদুজ্জামান কিছু আপত্তিকর মন্তব্য করেন বলেও ভিডিওতে ধরা পড়ে।

পরবর্তীতে তিনি ফোনে একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলেন। সেখান থেকেও স্পষ্ট কোনো নির্দেশনা না পাওয়ায় তিনি শেষ পর্যন্ত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা চলছে।