নারী ও সংখ্যালঘু অধিকার প্রশ্নে আপস হলে জামায়াতের সঙ্গে জোট টিকবে না: নাহিদ ইসলাম
নারী অধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করা হলে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে গঠিত জোট দীর্ঘস্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
ভারতের সংবাদমাধ্যম দ্য উইক-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।
সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান নিয়ে ওঠা সমালোচনার প্রসঙ্গে নাহিদ ইসলামকে প্রশ্ন করা হয়। বিশেষ করে জামায়াতকে চরম ডানপন্থী আদর্শের প্রতিনিধি হিসেবে দেখা হয় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিয়ে উদ্বেগ রয়েছে—এই বিষয়ে তার অবস্থান জানতে চাওয়া হয়।
উত্তরে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, জামায়াতের সঙ্গে গঠিত জোটটি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে এবং কোনো চূড়ান্ত কাঠামো নির্ধারিত হয়নি। তিনি জানান, নির্বাচনী সহযোগিতা ও নির্বাচন-পরবর্তী সরকার গঠন নিয়ে আলোচনা চলমান রয়েছে।
ঢাকা–১১ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী নাহিদ ইসলাম আরও বলেন, প্রয়োজন হলে এসব বিষয় জোটের ইশতেহারে স্পষ্টভাবে প্রতিফলিত হবে। তবে বর্তমানে অংশীদার দলগুলোর আলাদা আলাদা ইশতেহার রয়েছে।
তার মতে, নারী অধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষা এনসিপির জন্য মৌলিক নীতিগত প্রশ্ন, যা কোনোভাবেই উপেক্ষা করা হবে না।


