নির্বাচনে ভোট চুরির পরিকল্পনা করছে জামায়াত-শিবির: আবিদুল ইসলাম

রাজনীতি
নির্বাচনে ভোট চুরির পরিকল্পনা করছে জামায়াত-শিবির: আবিদুল ইসলাম
নিউজ ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াত ও শিবির ভোট চুরির পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন বিগত ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে বড় ধরনের অনিয়মের ছক কষছে একটি চক্র।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তুরাগের কামারপাড়া হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সমর্থনে এই সমাবেশের আয়োজন করা হয়।

আবিদুল ইসলাম অভিযোগ করেন, অতীতে জামায়াত-শিবির আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে রাজনীতি করেছে। পলাতক সরকারের ঘনিষ্ঠতায় থেকেই তারা ভোট কারচুপির কৌশল রপ্ত করেছে বলে দাবি করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, “ইতোমধ্যে এক জামায়াত নেতাকে ভোটের সিলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। এটি তাদের ষড়যন্ত্রেরই প্রমাণ।” অতিরিক্ত ব্যালট পেপার ও সিল নিয়ে যেন কেউ ভোটকেন্দ্রে ঢুকতে না পারে, সে বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আবিদুল ইসলাম আরও বলেন, জামায়াত-শিবিরের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভোটকেন্দ্র ঘিরে কঠোর নজরদারি বজায় রাখতে হবে।

নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়; এটি গণতন্ত্র, স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা-১৮ আসনের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান। এ ছাড়া তুরাগ ও উত্তরা থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সমাবেশে বক্তব্য রাখেন।