নির্বাচনি ইশতেহার
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রধানমন্ত্রী পদের মেয়াদ সর্বোচ্চ ১০ বছরে সীমাবদ্ধ করার প্রস্তাব বিএনপিই সর্বপ্রথম জাতির সামনে উপস্থাপন করেছে। তিনি বলেন, দলের ঘোষিত ৩১ দফার মধ্যেই এ প্রস্তাব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল এবং তা নথিভুক্ত রয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, সরকার গঠনের সুযোগ পেলে দেশের আইনের আওতায় একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন—এমন বিধান চালু করা হবে। তিনি আরও বলেন, সাংবিধানিক সংস্কারের বহু বিষয় রয়েছে, যার মধ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছে। বিএনপির ৩১ দফায় এ অনুচ্ছেদকে পর্যায়ক্রমে একটি যৌক্তিক অবস্থানে নিয়ে আসার অঙ্গীকার করা হয়েছে।
তিনি বলেন, দুই-একটি ব্যতিক্রম ছাড়া ধীরে ধীরে ৭০ অনুচ্ছেদের বিধিনিষেধ শিথিল করার মাধ্যমে সংসদকে কার্যকর ও গণতান্ত্রিক করে তোলার লক্ষ্য রয়েছে বিএনপির।
গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে তারেক রহমান বলেন, ভোটাধিকার নিশ্চিত করা ছাড়া গণতন্ত্র টেকসই হতে পারে না। এজন্য প্রয়োজন এমন একটি নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা, যার ওপর জনগণের পূর্ণ আস্থা থাকবে।
তিনি আরও বলেন, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের মতো নিরপেক্ষ নির্বাচন কেবল অরাজনৈতিক তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই সম্ভব হয়েছে—এমন বিশ্বাস দেশের মানুষের রয়েছে। সে কারণেই বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে।
তারেক রহমান দাবি করেন, প্রায় আড়াই বছর আগে স্বৈরাচারী শাসনের সময় বিএনপি ৩১ দফা ঘোষণার মধ্য দিয়েই সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের কথা বলেছিল। সংসদে প্রয়োজনীয় শক্তি পেলে বিএনপি অবশ্যই এই ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করবে বলেও জানান তিনি।


