শেরপুরে ভোটকেন্দ্র থেকে ৩ ব্যালট বই ছিনতাই, একটি উদ্ধার

দেশজুড়ে
শেরপুরে ভোটকেন্দ্র থেকে ৩ ব্যালট বই ছিনতাই, একটি উদ্ধার
নিউজ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুর সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনটি ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এর মধ্যে একটি ব্যালট বই পরে উদ্ধার করা হয়েছে।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। সকাল ১০টার কিছু আগে পোলিং এজেন্টের বাইরে থাকা কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে যায়। এর মধ্যে দুটি জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ব্যালট বই ছিল।

পরে জাতীয় সংসদ নির্বাচনের একটি ব্যালট বই উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বইটিতে ‘ধানের শীষ’ প্রতীকে কিছু ভোট দেওয়া ছিল বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা। তবে একটি সংসদীয় ও একটি গণভোটের ব্যালট বই এখনও উদ্ধার হয়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঘটনার পরপরই প্রশাসনকে অবহিত করা হয়। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এর আগে, প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত থাকলেও শেরপুর-১ (সদর) ও শেরপুর-২ আসনে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৭টার আগেই অনেক ভোটারকে কেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়াতে দেখা যায়। সকালে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

শেরপুর-1 (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২৪ হাজার ৪৭২ জন, নারী ২ লাখ ২৬ হাজার ৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এ আসনে মোট ১৪৫টি ভোটকেন্দ্র রয়েছে—যার মধ্যে ২৪টি অধিক গুরুত্বপূর্ণ, ৪০টি গুরুত্বপূর্ণ এবং ৮১টি সাধারণ কেন্দ্র। সব কেন্দ্রেই ভোটগ্রহণ চলছে।