ইন্ডিয়া টুডের প্রতিবেদন

তারেক রহমানের শপথে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণের পরিকল্পনা

তারেক রহমানের শপথে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণের পরিকল্পনা
নিউজ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান-এর শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির একাধিক সূত্রের বরাত দিয়ে শনিবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দুই দেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রেক্ষাপটে ঢাকায় অনুষ্ঠিতব্য শপথগ্রহণ অনুষ্ঠানে আঞ্চলিক রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে। সম্ভাব্য আমন্ত্রিত অতিথিদের তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও রয়েছে বলে প্রত্যাশা করা হচ্ছে।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির জয়ের পরপরই নরেন্দ্র মোদি টেলিফোনে তারেক রহমানকে অভিনন্দন জানান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। সেখানে মোদি লেখেন, “তারেক রহমানের সঙ্গে কথা বলে আমি আনন্দিত। তাকে বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছি।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী বলেন, শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।

বিএনপির শীর্ষ নেতারা শপথ অনুষ্ঠানকে আঞ্চলিক কূটনৈতিক সম্প্রীতির একটি মঞ্চ হিসেবে ব্যবহার করতে চান বলেও সূত্র জানিয়েছে। যদি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠানো হয় এবং তা গ্রহণ করা হয়, তাহলে ঢাকায় নতুন রাজনৈতিক নেতৃত্বের অধীনে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হতে পারে।

তবে শপথগ্রহণ অনুষ্ঠানের নির্দিষ্ট তারিখ কিংবা কোনো বিদেশি নেতার অংশগ্রহণ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। চলতি সপ্তাহের শুরুর দিকেই অনুষ্ঠানটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।