ফ্রান্সের সঙ্গে যৌথভাবে হ্যামার ক্ষেপণাস্ত্র তৈরি করবে ভারত
ফ্রান্সের সঙ্গে যৌথ উদ্যোগে ‘হ্যামার’ ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে ভারত। মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। চুক্তিতে স্বাক্ষর করবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভাউত্রিন।
ভারতের জাতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, চুক্তি কার্যকর হলে ‘ফিফটি-ফিফটি’ অংশীদারিত্বের ভিত্তিতে ক্ষেপণাস্ত্র উৎপাদন করবে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ফরাসি প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি সাফরান ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্স।

‘হ্যামার’ মূলত ফ্রান্সের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি স্মার্ট এয়ার-টু-সারফেস ক্ষেপণাস্ত্র। এর পূর্ণরূপ ‘Highly Agile Modular Munition Extended Range’। ১৯৯৭ সাল থেকে এটি তৈরি করছে সাফরান। বিশেষ করে রাফাল যুদ্ধবিমান থেকে নিক্ষেপের উপযোগী করে এ ক্ষেপণাস্ত্রটি ডিজাইন করা হয়েছে।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
প্রিসিশন-গাইডেড এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম বলে জানা গেছে।
চলতি ফেব্রুয়ারির শুরুতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছে ভারত। চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ ১৮টি রাফাল তৈরি অবস্থায় ভারত পাবে এবং বাকি বিমানগুলো ভারতে উৎপাদিত হবে, যেখানে ভারতীয় প্রযুক্তিও যুক্ত থাকবে।
উল্লেখ্য, ২০২০ সালে প্রথমবারের মতো ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কেনে ভারত। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর বহরে ৩৬টি রাফাল রয়েছে।
প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে এই নতুন চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

