কাফনের কাপড় পাঠিয়ে ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার হুমকি

দেশজুড়ে
কাফনের কাপড় পাঠিয়ে ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার হুমকি
নিউজ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে পলিথিনে মোড়ানো কাফনের কাপড় ও বিভিন্ন সামগ্রী পাঠিয়ে চিরকুটে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার এখলাসপুর ইউনিয়নের কালীগাছতলা এলাকায় চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালীর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

মফিজুল ইসলাম মুন্না ঢালী এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল–এর মতলব উত্তর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চেয়ারম্যান জানান, রাত ১১টার পর হঠাৎ বিকট শব্দ শুনে তিনি প্রতিবেশী ও পুলিশকে খবর দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুটি ‘চকলেট বোমা’ সদৃশ বস্তু এবং কাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।

ঘটনাস্থলে পাওয়া চিরকুটে তাকে উদ্দেশ করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং ভবিষ্যতে আরও কঠোর হামলার ইঙ্গিত করা হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরক সদৃশ বস্তু ও কাফনের কাপড় উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং পুলিশের একাধিক ইউনিট কাজ করছে। চেয়ারম্যান এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানিয়েছেন।

তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।