রমজান উপলক্ষে আল-আকসায় কড়াকড়ি, হাজারো পুলিশ মোতায়েন ইসরায়েলের
পবিত্র রমজানকে সামনে রেখে মুসলিমদের তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থান আল-আকসা মসজিদ-এ প্রবেশে কড়া বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে ইসরায়েল। মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কয়েক হাজার নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১৯৬৭ সালের ছয়দিনের আরব-ইসরায়েল যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল ও সংযুক্ত করে ইসরায়েল। প্রতিবছর রমজানে হাজার হাজার ফিলিস্তিনি এখানে নামাজ আদায় করতে সমবেত হলেও সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন বিধিনিষেধের কারণে মুসল্লির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
জেরুজালেম পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা আরাদ ব্রাভারম্যান জানান, রমজানজুড়ে দিন-রাত আল-আকসা প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার থাকবে। ইহুদিদের কাছে স্থানটি ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত। বিশেষ করে জুমার নামাজে বিপুলসংখ্যক মুসল্লি সমবেত হওয়ায় ওই দিনগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করা হবে।
তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীর থেকে জেরুজালেমে প্রবেশের জন্য ১০ হাজার ফিলিস্তিনিকে বিশেষ অনুমতিপত্র দেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে বয়সসীমা আরোপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসরায়েল সরকার।
অন্যদিকে, ফিলিস্তিনি জেরুজালেম গভর্নরের কার্যালয় জানিয়েছে, গত বছরের মতো এবারও ৫৫ বছরের বেশি পুরুষ ও ৫০ বছরের বেশি নারীদের জন্য অনুমতি সীমিত রাখা হতে পারে।
তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক গ্র্যান্ড মুফতি শায়খ ইকরিম সাবরি বলেন, তরুণদের ইতোমধ্যে মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং অধিকৃত পশ্চিম তীর থেকে আগত মুসল্লিদের জন্য রমজানে বিধিনিষেধ শিথিলের কোনো ইঙ্গিত নেই। ফলে আগের বছরের তুলনায় মুসল্লির সংখ্যা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আরব নিউজ


