সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা হাতে নিয়েছে। শিগগিরই এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এর অংশ হিসেবে বরিশালে খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বরিশালের কাপলাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে মন্ত্রী এ তথ্য জানান। খালটি গৌরনদী উপজেলার কাঁদাপাশা এলাকায় অবস্থিত।
জহির উদ্দিন স্বপন বলেন, বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় এ পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে পানি ব্যবস্থাপনা উন্নত হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় খাল খননের মাধ্যমে দেশের মানুষ খাদ্য উৎপাদনের সুফল পেয়েছিল। পরে খালগুলো মরে যাওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই ধারাবাহিকতা বজায় রাখতে নতুন করে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। এর মাধ্যমে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছাবে।
মন্ত্রী বলেন, খাল পুনরুদ্ধারের পাশাপাশি সরকারের বনায়ন কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ অভিযানও শুরু হয়েছে এবং আগামীতে কার্যক্রম আরও জোরদার করা হবে।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, আমরা দলীয় সরকার বা দলীয় রাষ্ট্র গড়তে চাই না, জনগণের সরকার গড়তে চাই। নির্বাচিত হলে দায়িত্বে থাকব, না হলে সরে দাঁড়াব। তবে নির্বাচনি ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। জনগণের সেবায় কার্যকরভাবে কাজ করতে বেসামরিক প্রশাসন ও পুলিশ বাহিনীর জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।


